সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও বেড়েছে।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩০২ জনে পৌঁছেছে। আর ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে।
একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৪ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৫ হাজার ৪৬৭ জনে দাঁড়িয়েছে।
তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।
মৃত্যুর পরিসংখ্যানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৫২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৫৯ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:








