দেশে হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৭৪ শতাংশ কোনো টিকা পায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থাটির তথ্যের ভিত্তিতে এ চিত্র তুলে ধরা হয়। একইসঙ্গে জানানো হয়, আক্রান্তদের মধ্যে ১৪ শতাংশ প্রথম ডোজ এবং ১২ শতাংশ দুই ডোজ টিকা নেওয়ার পরও সংক্রমিত হয়েছে।
ব্রিফিংয়ে ডা. রিয়াদ মাহমুদ, হেলথ ম্যানেজার (ইমিউনাইজেশন), ইউনিসেফ বাংলাদেশ জানান, গত ৫ এপ্রিল দেশের ৩০টি উপজেলায় একযোগে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়। কর্মসূচি শুরুর তিন সপ্তাহ পর সংশ্লিষ্ট উপজেলাগুলোতে নতুন রোগী শনাক্ত না হওয়ায় সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে মে মাসের শেষ নাগাদ হামের প্রকোপ কমে আসতে পারে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, মানবিক বিবেচনায় হামে শিশু মৃত্যুর কারণভিত্তিক বিশ্লেষণ করা হচ্ছে না। এছাড়া পরীক্ষার কিছু সীমাবদ্ধতার কারণে রোগ শনাক্তে সময় লাগছে।
তিনি আরও বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় নতুন টিকা আগামী মাসের শুরুতে দেশে পৌঁছানোর কথা রয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে আইসোলেশন ব্যবস্থা চালু থাকায় আক্রান্তদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর সীমিত রাখা হয়েছে। পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যাবে বলে আশা করছে স্বাস্থ্য অধিদফতর।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান এবং অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








