রবিবার

২৩ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১,০৫৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১৭:২৮

শেয়ার

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১,০৫৮
ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে ১ হাজার ৫৮ জন নতুন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। তবে এই সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সাম্প্রতিক প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে, যেখানে ৫ শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে ৩ শিশু, সিলেট বিভাগে ২ শিশু এবং রাজশাহী বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের সবাই হামের উপসর্গে আক্রান্ত ছিল।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সারাদেশে মোট ৩০ হাজার ৬০৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৪ হাজার ৪৬০ জনের ক্ষেত্রে পরীক্ষায় হাম রোগ নিশ্চিত হয়েছে।

এ সময়ের মধ্যে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে মোট ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৯ জনে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরও নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে।



banner close
banner close