মঙ্গলবার

২১ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় হামের উপসর্গে ৪৯ শিশু ভর্তি, শনাক্ত ৭

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬ ১৯:০০

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় হামের উপসর্গে ৪৯ শিশু ভর্তি, শনাক্ত ৭
ছবি বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়া জেলায় হামের উপসর্গ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৯ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৭ জনের শরীরে হাম শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে বর্তমানে ২৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন শিশু ভর্তি হয়েছে। হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের জন্য হাসপাতালে আলাদা আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে, যেখানে তাদের পৃথকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে আইসোলেশন ওয়ার্ডে ধারণক্ষমতা সংকট দেখা দিয়েছে। ২৭ জন রোগীর বিপরীতে শয্যা রয়েছে মাত্র ১০টি। ফলে অধিকাংশ শিশুকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে গরমের মধ্যে রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ করেছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগ নির্ণয়ের জন্য শিশুদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে নিশ্চিত হওয়া যাবে কারা হাম আক্রান্ত। এদিকে, হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি শিশুরোগ বিশেষজ্ঞরা রোগীদের অবস্থা অনুযায়ী নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আক্তার হোসেন বলেন, “হামের লক্ষণ নিয়ে বর্তমানে ২৭ জন শিশু ভর্তি রয়েছে। তাদের জন্য আলাদা আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”



banner close
banner close