দেশে হামের সংক্রমণ প্রতিরোধে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য রোববার (৫ এপ্রিল) থেকে ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় ১২ লাখের বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে একযোগে এ টিকাদান কার্যক্রম শুরু হবে। সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে প্রাথমিকভাবে এসব উপজেলায় কার্যক্রম নেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে যে উপজেলাগুলোতে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে, সেগুলো হলো—বরগুনা সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুরের হাইমচর ও সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ; গাজীপুর সদর; যশোর সদর; ঝালকাঠির নলছিটি; মাদারীপুর সদর; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর; নেত্রকোনার আটপাড়া; নওগাঁর পোরশা; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।
সরকারি তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় মোট ১২ লাখ ৩ হাজার ২৬৭ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হামের বিস্তার রোধে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি হয়ে পড়েছে। এ কারণে সীমিত পরিসরে হলেও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিভাবকদের নির্ধারিত টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন:








