শুক্রবার

৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র, ১৪৩২

১৯ দিনে সন্দেহজনক হামে আক্রান্ত ৫৭৯২, মৃত্যু ৯৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ ২২:৩৮

শেয়ার

১৯ দিনে সন্দেহজনক হামে আক্রান্ত ৫৭৯২, মৃত্যু ৯৪
ছবি সংগৃহীত

দেশে গত ১৯ দিনে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে। এ সময়ের মধ্যে মোট ৯৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে নতুন করে ৯৪৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৭৯২ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৭৭১ জন।

এতে আরও জানানো হয়, দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে ৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সন্দেহজনক মৃত্যুর সংখ্যা ৯৪ জনে পৌঁছেছে। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় মৃত্যুর হার সবচেয়ে বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জেলা পর্যায় থেকে প্রাপ্ত তথ্যে অসঙ্গতি থাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩ জন, লক্ষ্মীপুর থেকে ১ জন এবং চাঁদপুর থেকে ১ জন—মোট ৫টি মৃত্যুর তথ্য জাতীয় হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত একজন রোগীর মৃত্যুর তথ্য নতুন করে যুক্ত করা হয়েছে।

বিভাগভিত্তিক নিশ্চিত আক্রান্তের হিসেবে ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো—ঢাকায় ৩৫৮ জন, রাজশাহীতে ১৯৪ জন, চট্টগ্রামে ১০২ জন, খুলনায় ৪১ জন, বরিশালে ৩৮ জন, সিলেটে ১৯ জন, ময়মনসিংহে ১৪ জন এবং রংপুরে ৫ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৭৭৬ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫২৭ জন।



banner close
banner close