দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৮ জনে এবং মৃত্যুর সংখ্যা চারজন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সিটি করপোরেশনের বাইরে দুজন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে চারজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে সিটি করপোরেশনের বাইরে দুজন, ময়মনসিংহ বিভাগে সিটি করপোরেশনের বাইরে দুজন এবং সিলেট বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজন রয়েছেন।
একই সময়ে নয়জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ১ হাজার ৬০১ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৩ শতাংশ নারী।
এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ওই বছরে মৃত্যু হয় ৫৭৫ জনের।
আরও পড়ুন:








