শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ৩০ আশ্বিন, ১৪৩৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ১৭:১৮

শেয়ার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু
প্রতীকী ছবি।

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৬৮ জন। এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ৩২, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৩১, চট্টগ্রামে ৫৭, বরিশালে ৫৬ এবং ময়মনসিংহে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ২০২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, আগস্ট মাসে এখন পর্যন্ত ৭ হাজার ২২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ মাসেই মারা গেছেন ৩১ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে বৃষ্টির পানি জমে থাকা স্থানে নিয়মিত পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর ওপর জোর দিচ্ছেন তারা।