নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মতিলাল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানবপাচারের উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন।
রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পোরশা উপজেলার নীতপুর সীমান্তের দিয়ারাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক মতিলাল ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুর থানার কাঁঠালবানপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম নাইকি মুর্মু।
বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৩০/১৬-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ভারতীয় নাগরিক জানান, মানবপাচারের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। তাঁর দেয়া তথ্য অনুযায়ী, মো. রাসেল নামে এক বাংলাদেশি নাগরিকও মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত রয়েছেন বলে জানা গেছে। তবে ওই ব্যক্তির বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। তাঁকে শনাক্ত ও আটকের জন্য অনুসন্ধান এবং প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন:







