গোপালগঞ্জ জেলায় বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের ঘটনায় বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে কোনও পূর্ব ঘোষণা বা সুনির্দিষ্ট আইনগত কারণ ছাড়া জেলার প্রায় ১০ লাখ মানুষের মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ করে দেওয়াকে স্বেচ্ছাচারী ও গ্রাহক অধিকারের পরিপন্থী উল্লেখ করে দ্রুত এসব সেবা চালুর দাবি জানানো হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) আরিফ শেখের পক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক এবং ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালকের কাছে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান।
বন্ধের কারণে আর্থিক দুর্ভোগের অভিযোগ
নোটিশে বলা হয়েছে, গত ২৫ নভেম্বর কোনও ধরনের পূর্ব ঘোষণা, ব্যক্তিগত বা গণবিজ্ঞপ্তি কিংবা সুনির্দিষ্ট আইনগত ও নিয়ন্ত্রক কারণ ছাড়াই বিকাশ লিমিটেড, নগদ লিমিটেড এবং ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট গোপালগঞ্জ জেলায় লেনদেন কার্যক্রম স্থগিত বা বন্ধ করে দিয়েছে। এতে জেলার প্রায় ১০ লাখের বেশি মানুষের আর্থিক সেবায় প্রবেশাধিকার বাধাগ্রস্ত হয়েছে।
এর ফলে গ্রাহকরা নিজেদের জমা রাখা অর্থ উত্তোলন, অন্যত্র টাকা পাঠানো, ইউটিলিটি বিল পরিশোধসহ দৈনন্দিন প্রয়োজনীয় আর্থিক লেনদেন করতে পারছেন না। আকস্মিকভাবে এসব সেবা বন্ধ হওয়ায় সাধারণ মানুষ চরম অর্থনৈতিক ও মানবিক দুর্ভোগে পড়েছেন বলে নোটিশে দাবি করা হয়েছে।
আইন ও গ্রাহক অধিকারের পরিপন্থী
নোটিশে উল্লেখ করা হয়েছে, বিকাশ, নগদ ও রকেট বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত ও নিয়ন্ত্রিত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। তাই বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশনস, ২০১৪ এবং বাংলাদেশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস রেগুলেশনস, ২০২২-সহ প্রযোজ্য বিধিবিধান ও গ্রাহক সুরক্ষা নীতিমালা অনুসরণ করা এসব প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক।
আইনজীবীর বক্তব্য অনুযায়ী, কোনও নির্দিষ্ট গ্রাহকের অ্যাকাউন্ট বা লেনদেন নিয়ে আইনগত, কমপ্লায়েন্স কিংবা অর্থপাচার প্রতিরোধসংক্রান্ত সন্দেহ তৈরি হলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট অ্যাকাউন্ট যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে নির্দিষ্ট কোনও আদেশ, যথাযথ আইনগত কারণ কিংবা পূর্ব নোটিশ ছাড়া একটি সম্পূর্ণ জেলার মানুষের আর্থিক সেবা একযোগে বন্ধ করে দেওয়া স্বেচ্ছাচারী ও অযৌক্তিক।
নোটিশে আন্তর্জাতিক ব্যাংকিং ও পেমেন্ট ব্যবস্থার স্বীকৃত নীতিমালার প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে, ঝুঁকি মোকাবিলার নামে ঢালাওভাবে কোনও অঞ্চল বা জনগোষ্ঠীকে আর্থিক সেবা থেকে বিচ্ছিন্ন করা উচিত নয়। সম্ভাব্য ঝুঁকি নিরসনে সুনির্দিষ্ট, আনুপাতিক ও লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
২৪ ঘণ্টার মধ্যে সেবা চালুর দাবি
নোটিশে বাংলাদেশের সংবিধানের ২৭, ৩১, ৪০ ও ৪২ অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে, এসব অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, আইনের আশ্রয় লাভ, পেশা ও ব্যবসা পরিচালনার স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করা হয়েছে। অথচ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, প্রবাসীদের পরিবারসহ সাধারণ নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নিজেদের অর্থের ওপর গ্রাহকদের স্বাভাবিক নিয়ন্ত্রণও বাধাগ্রস্ত হচ্ছে।
এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় বাংলাদেশ ব্যাংককে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের কারণ সরেজমিনে ও সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে তদন্ত করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বিকাশ, নগদ ও রকেটকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলার সাধারণ ও নির্দোষ গ্রাহকদের অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেন সম্পূর্ণ সচল করার নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট লিখিত অনুমোদন ও প্রচলিত আইনগত বিধান ছাড়া ভবিষ্যতে কোনও নির্দিষ্ট অঞ্চল বা জনগোষ্ঠীর মোবাইল ব্যাংকিংসহ আর্থিক সেবা ঢালাওভাবে বন্ধ না করার বিষয়ে বাধ্যতামূলক নির্দেশনা জারি, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এ বিষয়ে গৃহীত পদক্ষেপ ও সংশ্লিষ্ট আদেশের অনুলিপি আবেদনকারীকে সরবরাহের অনুরোধ করা হয়েছে।
নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরিফ শেখের পক্ষে বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। সে ক্ষেত্রে মামলার যাবতীয় আইনি খরচ ও আনুষঙ্গিক দায়দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তাবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন:







