রবিবার

২৯ নভেম্বর, ২০২৬ ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩

তিন মাসে ৩২ হাজার ৭১১ জন গ্রেপ্তার, ধরা পড়েনি কোনও শীর্ষ সন্ত্রাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬ ১২:০৮

শেয়ার

তিন মাসে ৩২ হাজার ৭১১ জন গ্রেপ্তার, ধরা পড়েনি কোনও শীর্ষ সন্ত্রাসী
ছবি সংগৃহীত

খুলনা রেঞ্জ পুলিশের টানা তিন মাসের অভিযানে বিভিন্ন মামলায় ৩২ হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ১৪৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৯ হাজার ৭৫১ জন পরোয়ানাভুক্ত আসামি। তবে এত অভিযানের পরও পুলিশের তালিকাভুক্ত কোনো শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হয়নি। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে পুলিশের কাছ থেকে লুট হওয়া কোনো অস্ত্রও নেই।

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে সন্ত্রাস দমন, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও অনলাইন জুয়া প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এসব অভিযান পরিচালনা করা হয়।

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৫৮৯ জন

তিন মাসে সন্ত্রাসবিরোধী আইনে ৫২টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৫৮৯ জনকে। নাশকতা ও সহিংসতার পরিকল্পনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

একই সময়ে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, নাশকতাকারী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন হাজার ৫৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সেপ্টেম্বরে এক হাজার ৮৮ জন, অক্টোবরে এক হাজার ১১ জন এবং নভেম্বরের ২৭ তারিখ পর্যন্ত এক হাজার ৪৩৫ জন গ্রেপ্তার হয়েছেন।

মাদকবিরোধী অভিযানে উদ্ধার বিপুল মাদক

মাদকবিরোধী অভিযানে তিন মাসে এক হাজার ৪০৩টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৭৮৪ জন। এ সময়ে প্রায় ৮১ হাজার পিস ইয়াবা, ২০৩ কেজি গাঁজা, হেরোইন, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিদেশি ও দেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

১৪৭টি অবৈধ অস্ত্র উদ্ধার

অবৈধ অস্ত্র উদ্ধারে সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে ৪০টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ৪২ জন। উদ্ধার করা হয়েছে মোট ১৪৭টি অস্ত্র। এর মধ্যে ৩১টি আগ্নেয়াস্ত্র এবং ১১৬টি দেশীয় অস্ত্র।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে সাতটি বিদেশি পিস্তল, তিনটি দেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, তিনটি বন্দুক, একটি পাইপগান ও ১৫টি ওয়ানশুটার গান।

তিন মাসে মাসভিত্তিক গ্রেপ্তারের হিসাব

সব ধরনের মামলায় তিন মাসে গ্রেপ্তার হওয়া ৩২ হাজার ৭১১ জনের মধ্যে সেপ্টেম্বরে ১১ হাজার ৮৮০ জন, অক্টোবরে ১০ হাজার ৩২৪ জন এবং নভেম্বরের ২৭ তারিখ পর্যন্ত ১০ হাজার ৫০৭ জন রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৯ হাজার ৭৫১ জন পরোয়ানাভুক্ত আসামি।

এ ছাড়া চোরাচালানের অভিযোগে ৬৭টি মামলায় ২৯ জন এবং অনলাইন জুয়া-সংক্রান্ত ৬৪টি মামলায় ১৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সড়ক আইনে মামলা, জরিমানা তিন কোটি টাকার বেশি

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় মোটরযান আইনে তিন মাসে চার হাজার ৩৭৯টি মামলা করা হয়েছে। এ সময়ে পাঁচ হাজার ৮৭৯টি মামলা দেওয়া হয়েছে এবং জরিমানা আদায় হয়েছে তিন কোটি ১৬ হাজার ৯৫০ টাকা।

অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে চলাচলের অভিযোগে দুই হাজার ৭৪৫টি যানবাহন আটক করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৯৬৬টি মোটরসাইকেল।

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট ও মিডিয়া ফোকালপারসন) মো. আসিফ ইকবাল বলেন, খুলনা রেঞ্জ পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। এসব অর্জনে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস, নাশকতা বা অন্য কোনো অপরাধ সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর অনুরোধ করা হচ্ছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ গড়ে তোলা সম্ভব।