কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা থেকে একে একে চারটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আটজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দিবাগত রাতে দিকে চান্দিনা এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এর পরপরই বাসটির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস। সবশেষে ওই বাসের পেছনে একই অভিমুখে চলাচল করা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস দুমড়েমুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান, যানবাহনগুলো খুব কাছাকাছি দূরত্বে চলাচল করছিল। ফলে প্রথম বাসটি লরির পেছনে ধাক্কা দেয়ার পর পেছনের গাড়িগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে একে একে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং আহত চালক ও যাত্রীদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রানা জানান, আহতদের হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:







