চুয়াডাঙ্গার জীবননগরে অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটিভর্তি দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় ট্রাক্টরের চালকরা গাড়ি ফেলে পালিয়ে যায়।
রবিবার দিবাগত রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত জীবননগর উপজেলার শ্রীরামপুর ভোগের বিলের পাশে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ওমর শরীফ ফাহাদ।
অভিযান চলাকালে ঘটনাস্থলে মাটি বহনরত অবস্থায় দুটি ট্রাক্টর জব্দ করা হয়। এ সময় ট্রাক্টরের চালকরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। পরে জব্দ করা ট্রাক্টর দুটি প্রশাসনের হেফাজতে নেয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর শরীফ ফাহাদ বলেন, “জীবননগর উপজেলায় কোনোভাবেই অবৈধভাবে মাটি কাটতে দেয়া হবে না। বিশেষ করে রাতের আঁধারে যারা অবৈধভাবে মাটি কাটছে, তাদের বিরুদ্ধে রাতেই অভিযান পরিচালনা করা হবে। যত গভীর রাতই হোক না কেন, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার ফলে কৃষিজমি ও পরিবেশের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান জরুরি।
উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের মধ্যে সতর্কতা সৃষ্টি করবে বলে মনে করছেন সচেতন মহল। তবে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন:







