রবিবার

২৯ নভেম্বর, ২০২৬ ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, জীবননগরে বেকারিকে জরিমানা

জাহিদুল ইসলাম,খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৯

শেয়ার

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, জীবননগরে বেকারিকে জরিমানা
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার জীবননগরে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে একটি বেনামী বেকারি কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার জীবননগর পৌরসভার দত্তনগর রোডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ। এ সময় জীবননগর থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা যায়, বেকারি কারখানাটিতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছিল। এ ধরনের পরিবেশে তৈরি খাদ্যপণ্য মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যের মান বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন নিশ্চিত করা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে, খাদ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বেকারি মালিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল।