নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আধিপত্য ও স্লোগান দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শনিবার রাত আটটার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় মূল ঘটনার সূত্রপাত হয়। আহত যুবদল নেতার নাম আবু বকর রানা। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আটটার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে একদল নেতা-কর্মী পুটিকা বাজার এলাকায় গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে যুবদল নেতা আবু বকর রানার ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক জখম করে।
যুবদল নেতাকে কুপিয়ে জখম করার খবর ছড়িয়ে পড়ার পর উপজেলার বিভিন্ন স্থানে পাল্টা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রথমে উপজেলার বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ি গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ আরও অন্তত দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। তবে হামলা-অগ্নিসংযোগের এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
সার্বিক পরিস্থিতি নিয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার জের ধরে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে এবং জড়িতদের শনাক্তে তৎপরতা চালানো হচ্ছে।
আরও পড়ুন:







