স্থানীয়দের ক্ষোভ ও নানা বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই ফেনীর দাগনভূঞা থানা ছেড়েছেন প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান। যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহারের চার দিন পর শনিবার ভোরে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এর আগে শুক্রবার রাত পর্যন্ত তিনি থানা না ছাড়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম।
থানা ছাড়তে বিলম্বের ব্যাখ্যা পুলিশের
মু. সাইফুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বুধবার ওসিকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতির কারণে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করতে বিলম্ব হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। শনিবার সকাল থেকে তিনি থানার দায়িত্ব বুঝে নিয়েছেন বলে জানান।
ফেরদৌসি বেগম বলেন, দায়িত্ব পালনকালে দালাল ও মামলা বাণিজ্যে জড়িতদের কোনো সুযোগ দেওয়া হবে না। সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ নজর রাখা হবে।
ফোনালাপ ফাঁসের পর প্রত্যাহার
এর আগে মঙ্গলবার গভীর রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি ফয়জুল আজিম নোমানের একটি আপত্তিকর ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বুধবার বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে খাগড়াছড়িতে বদলি করা হয়।
আগেও উঠেছিল অনিয়মের অভিযোগ
দায়িত্ব পালনকালে ওসি নোমানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন বিতর্ক ও অনিয়মের অভিযোগ ওঠে। গত ১০ আগস্ট আদালতের নির্দেশের পরও একটি মামলা রেকর্ড না করার অভিযোগে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে প্রত্যাহারের নির্দেশ দেন। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
এ ছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, মাদক কারবারিদের সঙ্গে সখ্য এবং মামলা বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আরও পড়ুন:







