রবিবার

২৯ নভেম্বর, ২০২৬ ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩

কুমিল্লায় মহাসড়কে অবরোধ, গাড়ি ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬ ০১:০০

শেয়ার

কুমিল্লায় মহাসড়কে অবরোধ, গাড়ি ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম ও বুড়িচং অংশে পৃথক স্থানে অবরোধ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এসব ঘটনা ঘটে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

চৌদ্দগ্রামে অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্থানীয়রা জানান, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারসংলগ্ন কালিরবাজার এলাকায় হঠাৎ অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সম্মিলিতভাবে অবরোধকারীদের ধাওয়া দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়।

পরে পুলিশ ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অবস্থান জোরদার করলে অবরোধকারীরা সেখান থেকে সরে যান। তবে একটি কাভার্ডভ্যান মহাসড়কের মাঝখানে রেখে যাওয়ায় ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বুড়িচং অংশেও গাড়ি ভাঙচুর

একই রাতে মহাসড়কের বুড়িচং অংশেও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। রাত ১২টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হক রুমির নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বলে পুলিশ জানিয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান।

আইনি প্রক্রিয়া চলমান

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন হঠাৎ মহাসড়কে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।