কুমিল্লা শহরের সালাউদ্দিন মোড়ে চলন্ত মিশুকে ছুরি দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর কাছ থেকে পাঁচ হাজারের বেশি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ছিনতাইয়ে জড়িত অন্যরা টাকা নিয়ে পালিয়ে গেছেন।
শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সালাউদ্দিন মোড়ের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম মিয়া সরকার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ফাহিম জানান, সন্ধ্যা ছয়টার দিকে টিউশন শেষ করে কান্দিরপাড় থেকে মিশুকে করে টমছম ব্রিজের দিকে যাচ্ছিলেন তিনি। সালাউদ্দিন মোড়ে যানজটের কারণে মিশুকটি ধীরগতিতে চলার সময় হঠাৎ দুই ব্যক্তি তাতে উঠে পড়েন। তাঁরা ছুরি দেখিয়ে তাঁর কাছে থাকা টাকা ও মুঠোফোন দিতে বলেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক তাঁর কাছে থাকা টিউশনের টাকা ছিনিয়ে নেন তাঁরা।
ফাহিম বলেন, ‘আজকে পাওয়া টিউশনের পাঁচ হাজারের বেশি টাকা আমার কাছে ছিল। এর সঙ্গে ব্যক্তিগত টাকাও ছিল। টাকা নিয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে আমি পেছন থেকে তাদের ধরার চেষ্টা করি। সালাউদ্দিন মোড় থেকে একটু ভেতরের দিকে গেলে স্থানীয় লোকজন একজনকে ধরে ফেলেন। অন্যজন টাকা নিয়ে পালিয়ে যায়।’
পরে স্থানীয় লোকজন আটক ব্যক্তিকে মারধর করেন। তাঁকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম বাদশাহ বলে জানিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় কয়েকজন জড়িত ছিলেন। তাঁদের মধ্যে একজনকে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়েছে। তাঁকে প্রথমে চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে কোতোয়ালি থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।’
প্রক্টর আরও বলেন, ‘এ ঘটনায় আরও দুই-তিনজন জড়িত ছিলেন, তাঁরা পালিয়ে গেছেন। তাঁদের আটকের জন্য পুলিশ অভিযান পরিচালনা করবে। তবে এখনো ছিনতাই হওয়া টাকা ও মানিব্যাগ উদ্ধার করা সম্ভব হয়নি। বাকিদের আটক করা গেলে সেগুলো উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছি।’
আরও পড়ুন:







