একমাত্র পবিত্র কুরআনই মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে। আর এই ঐক্য দেশ ও জাতির রক্ষাকবচ হতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সবাইকে সঙ্গে নিয়ে জান্নাতে যাওয়ার আহ্বান
ড. মিজানুর রহমান আজহারী বলেন, জান্নাতে একা যাওয়ার চিন্তা না করে সবাইকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। একা একা নয়, দলে দলে জান্নাতে যেতে হবে। নিজের পাশাপাশি অন্যদের কাছেও কুরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। মানুষকে সত্যের পথে আহ্বান জানাতে হবে এবং জান্নাতের পথ দেখাতে হবে।
কেয়ামতের অবশ্যম্ভাবী পরিণতি তুলে ধরেন
সূরা আল-ওয়াকিয়ার প্রথম আয়াত ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ-এর ব্যাখ্যায় আজহারী বলেন, এর অর্থ হলো, যখন সেই মহা ঘটনা সংঘটিত হবে। আল-ওয়াকিআহ অর্থ এমন এক অবশ্যম্ভাবী মহা ঘটনা, যা সংঘটিত হওয়া নিশ্চিত। কেয়ামতের নির্ধারিত সময় উপস্থিত হলে তা ঘটবেই। কেউ তা প্রতিহত করতে পারবে না।
তিনি বলেন, পবিত্র কুরআনে কেয়ামতকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। এসব নামের মাধ্যমে কেয়ামতের ভয়াবহতা ও তাৎপর্য তুলে ধরা হয়েছে।
সূরা আল-ওয়াকিয়ার একটি আয়াতের ব্যাখ্যায় আজহারী আরও বলেন, কেয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। এটি এমন এক বাস্তবতা, যা কেউ ঠেকাতে পারবে না কিংবা পিছিয়ে দিতে পারবে না।
আরও পড়ুন:







