সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আসামিদের কারামুক্তির প্রক্রিয়ায় অর্থ আদায়ের অভিযোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী ছিদ্দিককে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাৎক্ষণিক এই আদেশে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রাঙামাটি জেলা কারাগারে বদলি করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া। তিনি জানান, এই অনিয়মের সঙ্গে কারাগারের ভেতর বা বাইরের আর কেউ জড়িত আছে কি না, তা অভ্যন্তরীণভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের মুক্তি বাণিজ্য, তথ্য পাচার ও নানা অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল বাংলা এডিশন। ওই প্রতিবেদন প্রকাশের পরপরই কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই প্রশাসনিক ব্যবস্থার কথা জানানো হয়।
অনুসন্ধানে উঠে আসে, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামিন পাওয়া আসামিদের ক্ষেত্রে সিটি এসবি ও জেলা এসবির ক্লিয়ারেন্স যাচাইয়ের একটি প্রক্রিয়া থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে কারারক্ষীদের একটি সিন্ডিকেট বন্দীদের স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে পুলিশ ক্লিয়ারেন্স ও দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিচ্ছে। অভিযোগ রয়েছে, আসামির রাজনৈতিক পদ-পদবি ও মামলাভেদে ৫ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে।
স্বজনদের বিশ্বাস অর্জনে কারাগারের কম্পিউটার থেকে বন্দীদের ছবি ও তথ্য হোয়াটসঅ্যাপে পাঠানোর প্রমাণও মিলেছে। এছাড়া বন্দীদের স্বজনদের কাছ থেকে বিকাশে টাকার প্রমাণও উঠে আসে বাংলা এডিশনের অনুসন্ধানে।
আদালত সূত্র জানায়, ২০২৫ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া ১০৪টি মামলায় গ্রেপ্তার ২ হাজার ৪২১ জনের মধ্যে ১ হাজার ৮৭০ জন জামিন পেয়েছেন।
সচেতন মহল বলছে, আইনি প্রক্রিয়ার সুযোগে এক মাসের মধ্যেই কারাগার থেকে বের হওয়া যাচ্ছে, ফলে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে আবারও যুক্ত হওয়া সহজ হচ্ছে। এর জেরে শহরজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তারা।
সংশ্লিষ্টদের মতে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরের অনিয়ম, তথ্য পাচার এবং জামিনপ্রাপ্তদের দ্রুত বের হওয়ার ফলে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে কারা অভ্যন্তরের তদারকি ও পুলিশ ক্লিয়ারেন্স প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কঠোর করা জরুরি।
আরও পড়ুন:







