রবিবার

২৯ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে পদ্মা সেতু দিয়ে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৫৪

শেয়ার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে পদ্মা সেতু দিয়ে বাস চলাচল বন্ধ
ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ এ পথে বাস চলাচল বন্ধ রাখে। একই সঙ্গে নতুন করে টিকিট বিক্রিও বন্ধ করা হয়েছে।

আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় পরিবহন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

অনিশ্চয়তায় বাস চলাচল, বিকল্প পথে যাত্রা

খুলনা ইমাদ পরিবহনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাদের একটি বাস বিকেলে পথে আটকে পড়েছিল। তবে বাসটির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

কবে নাগাদ এ পথে বাস চলাচল শুরু হবে, সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

অন্যদিকে খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ব্যবস্থাপক মো. কাদের জানান, শনিবার সকাল থেকে তাঁরা এ পথে বাস চালিয়েছেন। তবে সন্ধ্যার পর পরিস্থিতি বিবেচনা করে বাস চলাচল অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান সন্ধ্যা পৌনে ৬টার দিকে জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকল্প হিসেবে খুলনা থেকে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথে বাস চলাচল অব্যাহত থাকবে। এ বিষয়ে সন্ধ্যায় একটি সভা আহ্বান করা হয়েছে। আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলাচল করবে না।

এর আগেও বাস চলাচল বন্ধ হয়েছিল

এর আগে গত ১৮ নভেম্বর গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের শিডিউল বাতিল করেন খুলনার পরিবহন মালিকরা।

এদিকে ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।