রাজধানীর কসাইবাড়ি থেকে কাওলা পর্যন্ত, প্রায় দুই কিলোমিটার রেললাইন এলাকা সন্ধ্যা নামলেই পরিণত হয় অপরাধীদের আখড়ায়।
দিনের বেলায় পরিবেশ স্বাভাবিক থাকলেও, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় পুরো এলাকার চিত্র। নির্জন রেললাইন ও আশপাশের এলাকায় দেহব্যবসা, ছিনতাই, মাদক সেবন ও মাদক বেচাকেনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। আর এসব কর্মকাণ্ডে উঠতি বয়সী তরুণ-তরুণীদের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। ফলে সন্ধ্যার পর ওই এলাকায় চলাচল করতে গিয়ে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
সন্ধ্যার পর বাড়ে অপরাধীদের আনাগোনা
মূলত, সন্ধ্যার পর থেকে রেললাইনসংলগ্ন বিভিন্ন স্থানে অপরাধীদের আনাগোনা বেড়ে যায়। নির্জনতার সুযোগ নিয়ে সংঘবদ্ধ ও বিচ্ছিন্নভাবে ছিনতাই এবং পাশাপাশি বিভিন্ন স্থানে মাদকসেবন ও মাদক বেচাকেনার অভিযোগ রয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ ও রাতে যাতায়াতকারীদের মধ্যে ছিনতাইয়ের শঙ্কা দিন দিন বাড়ছে বলে অভিযোগ উঠেছে।
তবে, অজ্ঞাত কোনো ভয় বা নিরাপত্তাহীনতার আশঙ্কায় এ বিষয়ে অনেকেই ক্যামেরার সামনে কথা বলা এড়িয়ে গেছে।
নিয়মিত টহল ও নজরদারির দাবি স্থানীয়দের
শুধু মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেই হবে না, অপরাধপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত পুলিশি টহল ও নজরদারি জোরদার করতে হবে। একই সঙ্গে মাদক কারবারি, ছিনতাইকারী ও অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয়রা।
অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার বলেন, রেললাইন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়টি পুলিশের জানা রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ দীর্ঘদিন ধরে কাজ করছে। এরই মধ্যে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। সেগুলোও পুরোপুরি বন্ধ করতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর তাগিদ সচেতন মহলের
কসাইবাড়ি থেকে কাওলা পর্যন্ত রেললাইন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত পুলিশি টহল, গোয়েন্দা নজরদারি এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা জরুরি। পাশাপাশি রেললাইনসংলগ্ন নির্জন স্থানগুলোতে নিরাপত্তাব্যবস্থা বাড়ানো গেলে অপরাধপ্রবণতা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছে সচেতন মহল।
আরও পড়ুন:







