রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বা ইডিসিএল। দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ এই সরকারি প্রতিষ্ঠানের ভেতরেই এবার ফ্যাসিস্ট পুনর্বাসন, রাজনৈতিক প্রভাব, অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণের মতো গুরুতর অভিযোগ উঠেছে।
মেহজাবিন আক্তার মুক্তির পদায়ন
২৩ নভেম্বর সোমবার মেহজাবিন আক্তার মুক্তি নামের এক নারীকে ভাণ্ডার সাহায্যকারী পদ থেকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্লার্ক পদে নবায়ন করার খবর সামনে আসে। অভিযোগ রয়েছে, মেহজাবিন আক্তার মুক্তি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
অপরদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবিন আক্তার মুক্তির আগের বেশ কিছু ছবি সামনে আসে। ছবিগুলোতে বিগত দিনে আওয়ামী লীগের ব্যানারে মিছিল, সভা-সমাবেশে অংশ নিতে দেখা যায় মুক্তিকে। ফলে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানে তার পদায়ন ঘিরে রাজনৈতিক পরিচয় ও প্রভাবের প্রশ্নটিও সামনে এসেছে।
শুধু তাই নয়, ইডিসিএলের এই কর্মচারীর স্বামী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার আসামি বলেও জানা গেছে। অভিযোগ রয়েছে, মুক্তির স্বামী গাজী সাফায়েত গত ১৭ নভেম্বর মঙ্গলবার, টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি অংশ নেন। এমনকি হামলার সময় ধারণ করা একটি ভিডিওতে সাফায়েতকে থানাটি নিজেদের দখলে রয়েছে বলে দাবি করতেও শোনা যায়। ভিডিওতে তার পেছনে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের থানা ভবনে হামলা, ভাঙচুর ও তাণ্ডব চালাতে দেখা যায়।
আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেয়ার স্পষ্ট ছবি এবং টুঙ্গিপাড়া থানায় স্বামীর হামলা-ভাঙচুরের ভিডিও সামনে আসার পরও ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া তো দূরের কথা, বরং গুরুত্বপূর্ণ পদে তার পদায়ন নবায়ন করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কোন ক্ষমতার বলয়ে তার মিলছে এই পদোন্নতি ও পদায়নের সুযোগ? আর এর নেপথ্যেই বা কারা রয়েছেন?
অভিযোগ উঠেছে, ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা বরকতুল রইসের সুপারিশেই মেহজাবিন আক্তার মুক্তির এই আকস্মিক পদোন্নতি। এছাড়াও ইডিসিএল সরকারি এই প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার বিরুদ্ধেও স্বজনপ্রীতি, টেন্ডার কারসাজি, বদলি বাণিজ্যসহ আরও বেশ কিছু গুরুতর অভিযোগ সামনে এসেছে।
শামীম আহমেদের ভূমিকা
আর এসব অভিযোগের কেন্দ্রে উঠে আসে ইডিসিএলের ডেপুটি ম্যানেজার শামীম আহমেদের নাম। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘জুলাই যোদ্ধা’ পরিচয় ব্যবহার করে নিজের এক নিকটাত্মীয় ছাব্বির আহমেদকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিতে চাকরি পাইয়ে দেন শামীম আহমেদ। প্রাপ্ত নিয়োগপত্র অনুযায়ী, গত ১১ অক্টোবর ওই নিকটাত্মীয়কে ইডিসিএলের বগুড়া কারখানায় সহকারী প্রোডাকশন কর্মকর্তা পদে যোগদানের নির্দেশ দেয়া হয়।
এদিকে, ওই কর্মকর্তাকে ১ নভেম্বর, ঢাকা কার্যালয় থেকে বগুড়ায় বদলি করা হয়েছে বলে জানা যায়। শুধু নিয়োগ বাণিজ্যই নয়, সরকারি গাড়ি ব্যবহারের ক্ষেত্রেও, অনিয়মের অভিযোগ রয়েছে শামিমের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, বগুড়ায় বদলি হওয়ার সময় ‘ঢাকা মেট্রো-চ ৫৬-৫২৭০’ নম্বরের সরকারি গাড়িটি ব্যবহার করেন তিনি। আর শামীমের এই বদলিজনিত যাতায়াতে রাষ্ট্রীয় গাড়ি ব্যবহারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে সংশ্লিষ্টরা। এ ছাড়া গাড়িটির চালক নাসির পূর্ববর্তী আওয়ামী লীগ-সমর্থিত বি-২১৩৭ সিবিএর সক্রিয় সদস্য ছিলেন বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়।
সিন্ডিকেটের তৎপরতা
তবে, শামীম আহমেদের বদলি হলেও প্রতিষ্ঠানটির ভেতরে সিন্ডিকেট চক্রের তৎপরতা থেমে নেই বলে জানা যায়। অভিযোগ অনুযায়ী, এই চক্রের মূল হোতা হিসেবে উঠে এসেছে বরকতুল রইস, তুষার, ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরের ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম, ক্রয় কর্মকর্তা সেলিম জাবেদ ও সরোয়ার এবং কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের পরিচালক মোহাম্মদ ইসমাইলের নাম।
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, পারস্পরিক যোগসাজশে এই চক্রটি প্রতিষ্ঠানের দরপত্র মূল্যায়ন, কার্যাদেশ প্রদান এবং বদলি-পদায়ন নিয়ন্ত্রণ করছে। এমনকি চাকরিচ্যুতি ও শাস্তিমূলক বদলির ভয় দেখিয়ে সাধারণ কর্মচারীদেরও চাপে রাখা হচ্ছে।
গোপন নিয়োগের অভিযোগ
সিন্ডিকেটের প্রভাবের পাশাপাশি নিয়োগ অনিয়মের অভিযোগও সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত ৫ নভেম্বর ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামানের স্বাক্ষরে গোপনে ৭১ জনকে নিয়োগ দেয়া হয়েছে। এমনকি এমডি আশরাফুজ্জামানের ভূমিকা নিয়েও প্রতিষ্ঠানের ভেতরে-বাইরে অসন্তোষ প্রকাশের খবর সামনে এসেছে বিভিন্ন মাধ্যমে। অপরদিকে, এসব নিয়োগের ক্ষেত্রে প্রচলিত নিয়ম ও স্বচ্ছতা অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে, প্রতিষ্ঠানটির ভেতরে আরও বড় ধরনের নাশকতার আশঙ্কা করছে কর্মকর্তা-কর্মচারীদের অনেকে। বিগত সরকারের আমলে অর্থের বিনিময়ে নিয়োগ পাওয়া একটি প্রভাবশালী চক্র শ্রমিকদের উসকে দিয়ে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা, ভাঙচুর এবং উৎপাদনব্যবস্থা ধ্বংসের পরিকল্পনা করছে বলে সূত্রের দাবি।
এছাড়াও গোপালগঞ্জকেন্দ্রিক একটি বিশেষ বলয়ের ইন্ধনে এই তৎপরতা চলছে বলেও দাবি সংশ্লিষ্টদের। এমনকি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আশঙ্কা, রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে বড় ধরনের নাশকতা ঘটলে দেশের স্বাস্থ্যসেবা খাতও ভয়াবহ সংকটে পড়তে পারে।
কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা
অন্যদিকে, একের পর এক অভিযোগ সামনে এলেও ইডিসিএল কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেয়া হয়নি বলে দাবি সংশ্লিষ্টদের। প্রতিমন্ত্রীর দপ্তর থেকে ব্যবস্থা নেয়ার তাগিদ দেয়া হলেও অদৃশ্য কোনো কারণে তা কার্যকর হচ্ছে না বলেই অভিযোগ সংশ্লিষ্টদের।
এখানেই শেষ নয়। ৭১ জনের নিয়োগসংক্রান্ত নথি, বদলি আদেশ, দরপত্রের রেকর্ড এবং সরকারি গাড়ির লগবুক যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবি উঠেছে। সব মিলিয়ে এসব অভিযোগের, সত্যতা যাচাই এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে এসব নথি ও তথ্যের নিরপেক্ষ পর্যালোচনাকে গুরুত্ব দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া জরুরী বলে মনে করছে সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:







