সাভার ও আশুলিয়ায় পার্কিং করে রাখা চারটি বাসে ২৪ ঘণ্টার ব্যবধানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়তপুরের জোড়পুল এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয়ার পর, শনিবার ভোরে সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি স্থানে আরও তিনটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার ভোর ৪টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী লেনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেয়া হয়। একই সময়ে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়িতে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকসংলগ্ন এলাকায় এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা আরও দুটি বাসে আগুন দেয়া হয়।
এর মধ্যে একটি আলিফ পরিবহনের বাস। খবর পেয়ে সাভার ও আশুলিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আশুলিয়ার দুটি বাসের অধিকাংশ অংশ পুড়ে গেলেও ব্যাংক টাউনের বাসটির ভেতরের সাজসজ্জা ও কিছু মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ব্যাংক টাউন এলাকায় বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে এবং এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়তপুরের জোড়পুল এলাকায় আরিচাগামী লেনে পার্কিং করে রাখা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিরা জড়িত থাকতে পারে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
আরও পড়ুন:







