শনিবার

২৮ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মেঘনায় মিলল বিএনপি কর্মীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৬:৫৬

শেয়ার

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মেঘনায় মিলল বিএনপি কর্মীর মরদেহ
ছবি সংগৃহীত

মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় মেঘনার শাখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বিএনপি কর্মী আলমগীর দালালের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার (২৮ নভেম্বর) সকালে ইউনিয়নের চৈতারচর এলাকায় নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংঘর্ষের সময় নদীতে ঝাঁপ দেন আলমগীর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে সংঘর্ষ চলাকালে নদীতে ঝাঁপ দেন আলমগীর। এরপর তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন তার সন্ধান পাওয়া যায়নি। দুই দিন পর ঘটনাস্থলের অদূরে তার মরদেহ ভেসে ওঠে।

সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত পাঁচ

আসন্ন প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার লোকজনের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়।

এতে সেদিন ঘটনাস্থলেই সেলিম মোল্লা নামের এক যুবক নিহত হন। সংঘর্ষে শিশুসহ অন্তত পাঁচজন আহত হন। এ সময় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন বিএনপি কর্মী আলমগীর দালাল।