রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ভারত-মিজোরাম সীমান্তের আকাশে রহস্যময় তিনটি ড্রোন উড়তে দেখে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ড্রোনগুলো লক্ষ্য করে এলএমজি দিয়ে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়েন ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা। তবে গুলিতে ড্রোনগুলোর কোনো ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তের আকাশে লাল ও সাদা রঙের আলো জ্বালানো অবস্থায় তিনটি সন্দেহজনক ড্রোন উড়তে দেখা যায়। এ সময় সীমান্তের নিরাপত্তায় দায়িত্বরত বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরে ড্রোনগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রাতের একটি ভিডিওতে অন্ধকার আকাশের দিকে তাক করে বিজিবি সদস্যদের গুলি ছুড়তে দেখা যায়। এ সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।
হেলিপ্যাডের ওপর ড্রোন দেখে সতর্কতা
২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, শুক্রবার রাতে হঠাৎ বিজিবির হেলিপ্যাডের ওপর রহস্যময় তিনটি ড্রোন দেখতে পান সদস্যরা। এরপর আশপাশের সব বিওপি ক্যাম্পকে সতর্ক করা হয়।
তিনি বলেন, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসির দিকনির্দেশনায় ড্রোনগুলো ভূপাতিত করার লক্ষ্যে এলএমজি দিয়ে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলির পরপরই ড্রোনগুলো দ্রুত স্থান ত্যাগ করে দূরে সরে যায়।
পাহাড়ের বিরাজমান পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে কোনো অদৃশ্য শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে ধারণা করছেন তিনি।
সর্বোচ্চ সতর্ক অবস্থায় সব বিওপি
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে। এ জন্য সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে, কারা সেগুলো পরিচালনা করছিল কিংবা গুলিতে কোনো ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে গত কয়েক দিন ধরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের দুর্গম এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। প্রায় ১৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা দিন-রাত টহল পরিচালনা করছেন।
আরও পড়ুন:







