শনিবার

২৮ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

মাছ-মুরগিতে যথেচ্ছ অ্যান্টিবায়োটিক, বাড়ছে প্রাণঘাতী সুপারবাগের ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৩:১৮

শেয়ার

মাছ-মুরগিতে যথেচ্ছ অ্যান্টিবায়োটিক, বাড়ছে প্রাণঘাতী সুপারবাগের ঝুঁকি
ছবি সংগৃহীত

মাছ, হাঁস ও মুরগির দ্রুত বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের নামে খামারে নির্বিচারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন অনেক খামারি। রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই খাবার ও পানির সঙ্গে মেশানো হচ্ছে এসব ওষুধ। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ফিড ব্যবসায়ীদের নির্দেশনায় চলছে এ প্রয়োগ। এতে প্রাণী ও মাছের শরীরে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা ওষুধ প্রতিরোধী জীবাণু তৈরি হচ্ছে। খাদ্য ও পরিবেশের মাধ্যমে এসব জীবাণু মানুষের শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। ফলে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ার পাশাপাশি পরিবেশ দূষণের ঝুঁকিও তৈরি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিবায়োটিক প্রয়োগের পর নির্দিষ্ট সময় পর্যন্ত মাংস, ডিম ও দুধ বাজারজাত করা উচিত নয়। ওষুধভেদে এ সময়কে বলা হয় উইথড্রয়াল পিরিয়ড বা প্রত্যাহারকাল। এ সময়ের মধ্যে প্রাণীর শরীরে থাকা ওষুধের অবশিষ্টাংশ বেরিয়ে নিরাপদ মাত্রায় নেমে আসে। কিন্তু অনেক খামারি এ নিয়ম মানছেন না। ওষুধ প্রয়োগের পরপরই মাছ ও মুরগি বিক্রি করছেন তাঁরা। এতে খাদ্যে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ থেকে যাচ্ছে এবং ছড়িয়ে পড়ছে প্রতিরোধী জীবাণু, যা ভবিষ্যতে মানবচিকিৎসায় বড় সংকট তৈরি করতে পারে।

মানবচিকিৎসায় গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকও যাচ্ছে খামারে

আইইডিসিআরের বিশেষজ্ঞদের মতে, পোলট্রি খাতে পেনিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, টেট্রাসাইক্লিন, নিওমাইসিন ও সালফোনামাইড ব্যবহার করা হচ্ছে। এসব ওষুধের কয়েকটি মানবচিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কলিস্টিন গুরুতর সংক্রমণের চিকিৎসায় শেষ অবলম্বন হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রাণিসম্পদ খাতে এ ধরনের ওষুধের অযৌক্তিক ব্যবহার চিকিৎসাব্যবস্থার জন্য বড় সংকট তৈরি করতে পারে।

পরামর্শ ও ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার শাস্তিযোগ্য হলেও মৎস্য খাতে এ-সংক্রান্ত কোনো নীতিমালা নেই বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন।

নওগাঁর বদলগাছীর মাছচাষি হারুন মিয়া ছয় বছর ধরে মাছ চাষ করছেন। পুকুরে মাছের রোগ দেখা দিলে স্থানীয় ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই প্রয়োগ করেন তিনি। একই এলাকার আনিস উদ্দিন, রায়হান মণ্ডল ও হোসেন আলীও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পরামর্শে মাছের পুকুরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন।

অজ্ঞতা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ফিড ব্যবসায়ীদের প্রলোভনে পড়ে অনেক খামারি উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছেন।

রোগ প্রতিরোধের নামেও হাঁসকে খাওয়ানো হচ্ছে অ্যান্টিবায়োটিক

সিরাজগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোরজুড়ে চলনবিল এলাকায় ধান কাটার পর হাঁস নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় যান খামারিরা। নওগাঁর সাপাহারের হাঁসের খামারি আহসান হাবিব গত ১২ নভেম্বর এক হাজার হাঁস নিয়ে নাটোরে যান। শীত শুরুর আগেই রোগ প্রতিরোধের জন্য হাঁসের খাবারে এনরোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন ও সিপ্রোফ্লক্সাসিন প্রয়োগ করেন তিনি।

আহসান হাবিব জানান, হাঁস নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর কারণে পূর্ব অভিজ্ঞতা থেকেই তিনি এসব ওষুধ ব্যবহার করেন।

গবেষণায় পোলট্রি খামারে ব্যাপক অ্যান্টিবায়োটিক ব্যবহারের তথ্য

২০২২ সালে পিএলওএস ওয়ান সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, দেশের প্রায় ৯৮ শতাংশ বাণিজ্যিক মুরগির খামারে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার করা হয়েছে। প্রায় ৮৫ শতাংশ খামারি রোগ প্রতিরোধের উদ্দেশ্যে এসব ওষুধ প্রয়োগ করেছেন।

গবেষণার তথ্য অনুযায়ী, ব্রয়লার মুরগির খামারে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহারের হার গড়ে ৭৮ শতাংশ, সোনালি মুরগির খামারে ৬৭ শতাংশ এবং লেয়ার খামারে ৪১ শতাংশ।

২০২৬ সালে প্রকাশিত আরেক গবেষণায় দেখা গেছে, ব্রয়লার ও লেয়ার খামারে ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়ালের বড় অংশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চিকিৎসাগতভাবে গুরুত্বপূর্ণ ওষুধের শ্রেণিভুক্ত। লেয়ার খামারে ব্যবহৃত ওষুধের ৮৪ থেকে ৯৪ শতাংশকে ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট অথবা হায়েস্ট প্রায়োরিটি ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট শ্রেণির হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে সীমিতসংখ্যক খামারের ওপর পরিচালিত এ গবেষণার ফল কার্যকর নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

বদলগাছীর অ্যান্টিবায়োটিক বিক্রেতা মোকাররম জানান, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তাঁকে ওষুধ সরবরাহ করেন এবং তাঁদের পরামর্শ অনুযায়ীই চাষিদের কাছে এসব ওষুধ দেওয়া হয়।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) ও আইসিডিডিআরবির যৌথ গবেষণায় মুরগির শরীর থেকে সংগৃহীত সালমোনেলা ব্যাকটেরিয়ায় উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা পাওয়া গেছে।

মাছের খামারেও অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহার

মাছ চাষেও নির্বিচারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা দেখা গেছে। এক গবেষণায় দেখা যায়, ৭৭ শতাংশ মাছচাষি তাঁদের পুকুর বা ঘেরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছেন।

ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের ৬৭২টি মাছের খামারের নমুনা নিয়ে পরিচালিত গবেষণায় পাঙাশ, তেলাপিয়া, চিংড়ি, কার্প, টেংরা, রুই, কাতলা, মৃগেল, পাবদা, শিং, মাগুর ও কই চাষে অ্যান্টিবায়োটিক ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে এসব মাছ খাওয়ার মাধ্যমে মানুষের শরীরে ওষুধ প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

প্রশিক্ষণ ও নজরদারির ঘাটতির কথা জানালেন কর্মকর্তা

বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী জানান, অনেক খামারি ডিলারদের দেওয়া চার্ট অনুসরণ করে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন। রোগ প্রতিরোধে বিকল্প ব্যবস্থার প্রতি তাঁদের যথেষ্ট গুরুত্ব নেই।

তিনি বলেন, উন্নত বিশ্বে অ্যান্টিবায়োটিকের বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রিত হলেও দেশে যত্রতত্র এসব ওষুধ পাওয়া যাচ্ছে। সরকারি প্রশিক্ষণ কার্যক্রম অনেকটা প্রকল্পনির্ভর হওয়ায় প্রকল্প বন্ধ হলে প্রশিক্ষণ কার্যক্রমও থেমে যায়। তবে সচেতনতা বাড়াতে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

ফিড ডিলারদের খামারিদের অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দেওয়ার কোনো এখতিয়ার নেই বলেও জানান তিনি।

মানুষের চিকিৎসাও কঠিন করে তুলতে পারে সুপারবাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন আহম্মেদ বলেন, মাছের ক্ষেত্রে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এতে মাছ ও পানির উপকারী ব্যাকটেরিয়া মারা যায় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী হয়ে ওঠে।

তিনি বলেন, মানুষ, প্রাণী ও পরিবেশ থেকে ছড়িয়ে পড়া এসব জীবাণু হাসপাতালের রোগীদের চিকিৎসাও কঠিন করে তুলতে পারে।

খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে শাওন আহম্মেদ বলেন, এ সমস্যা মোকাবিলায় সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে। সাময়িক মুনাফার চেয়ে নিরাপদ উৎপাদন ও জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।