শনিবার

২৮ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

সিরাজগঞ্জ ডেন্টাল সোসাইটির দপ্তর সম্পাদক হলেন রিফাত হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১০:৫৭

আপডেট: ২৮ নভেম্বর, ২০২৬ ১০:৫৮

শেয়ার

সিরাজগঞ্জ ডেন্টাল সোসাইটির দপ্তর সম্পাদক হলেন রিফাত হাসান
ছবি রিফাত হাসান

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস) সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন বেলকুচির দন্ত চিকিৎসক ডা. রিফাত হাসান (রকি)। তিনি বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের বাসিন্দা এবং বেলকুচির পপুলার ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী।

শুক্রবার (২৭ নভেম্বর) সিরাজগঞ্জ পৌর কনফারেন্স হলে জেলার ডেন্টাল সার্জনদের অংশগ্রহণে আয়োজিত এক সায়েন্টিফিক সেমিনার শেষে আলোচনা ও উপস্থিত চিকিৎসকদের সর্বসম্মতিক্রমে ছয় সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক ও মহাসচিব ডা. এ কে এম কবির আহমেদ (রিয়াজ) যৌথভাবে স্বাক্ষর করে নবগঠিত কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সভাপতি প্রফেসর ডা. মো. রকিবুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ডা. ইলিয়াস রেজা, সাধারণ সম্পাদক ডা. এম. হাকিম বাবু, কোষাধ্যক্ষ ডা. রুমানা ইয়াসমিন (রিমু) এবং সাংগঠনিক সম্পাদক ডা. সেলিম রেজা।

অনুমোদিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রিফাত হাসানকে বিভিন্ন মহলের অভিনন্দন

বেলকুচির সন্তান ডা. রিফাত হাসান (রকি) সিরাজগঞ্জ জেলা ডেন্টাল সোসাইটির দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় স্থানীয় চিকিৎসক সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন মহল থেকে তাকে ফুলেল শুভেচ্ছাও জানানো হচ্ছে।

শুভানুধ্যায়ীরা জানান, ডা. রিফাত হাসান দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তার নেতৃত্বে জেলা ডেন্টাল সোসাইটি আরও সুসংগঠিত হবে এবং জেলার প্রান্তিক পর্যায়ের মানুষের আধুনিক দন্তচিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি ডেন্টাল সার্জনদের পেশাগত মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

নবনির্বাচিত দপ্তর সম্পাদক ডা. রিফাত হাসান (রকি) কেন্দ্রীয় সভাপতি, মহাসচিব এবং সিরাজগঞ্জের সব ডেন্টাল সার্জনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সবার সহযোগিতা নিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়া এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত দন্তসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।