শুক্রবার

২৭ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ২২:০৭

শেয়ার

১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল
ছবি: বাংলা এডিশন

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী ও মজুরি বোর্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বোর্ডবাজার থেকে শুরু হয়ে সাইনবোর্ড বাজার প্রদক্ষিণ করে পুনরায় বোর্ডবাজারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

এ সময় শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানান এবং এ সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, একটি কুচক্রী মহল শ্রমিকদের বিভ্রান্ত করে শিল্পাঞ্চলে অসন্তোষ ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। যেসব শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে দেশের শিল্পকারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে, সেই শিল্পকে ধ্বংসের উদ্দেশ্যে কিছু কারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে শেষ পর্যন্ত শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তারা আরও বলেন, শিল্পকারখানায় ভাঙচুর, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিল্পকারখানার উৎপাদন সচল রাখতে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমন্বয়, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। দেশের পোশাকশিল্পকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা।