নেত্রকোণায় মাহফিল থেকে বাড়ি ফেরার পথে নওমুসলিম ইসলামী বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন ভেবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার গাড়ি থামানোর চেষ্টা করেন। গাড়ি না থামানোয় তারা সেটিকে ধাওয়া করে হামলা চালান। এ সময় ডাকাতের আক্রমণের শিকার হয়েছেন বলে চিৎকার করে মানুষের সাহায্য চান নোমানী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নেত্রকোণা শহরের চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ডাকাত ভেবে থানার দিকে গাড়ি ঘোরান নোমানী
ছড়িয়ে পড়া ভিডিওতে নোমানীকে বাঁচার আকুতি জানাতে দেখা যায়। তিনি ডাকাতের আক্রমণের শিকার হয়েছেন বলে চিৎকার করে মানুষের সাহায্য চান এবং আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করেন।
নোমানীর সফরসঙ্গীদের বরাতে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আব্দুল কাইয়ুম জানান, ওয়াজ মাহফিল শেষে গভীর রাতে নোমানীসহ অন্যরা নেত্রকোণার একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে পূর্বধলায় নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দেন।
পথে চল্লিশা এলাকার বাইপাস সড়কে লাঠি হাতে কয়েকজন তাদের গাড়ি থামানোর চেষ্টা করেন। তাদের ডাকাত সন্দেহ করে নোমানী চিৎকার করেন এবং গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে আরও কয়েকজন মোটরসাইকেলে গাড়িটির পিছু নিয়ে হামলা চালান।
পরিস্থিতি বেগতিক দেখে নোমানী গাড়িটি ঘুরিয়ে থানার দিকে রওনা দেন। তবে থানায় যাওয়ার পথেও হামলা অব্যাহত থাকে। হামলাকারীরা গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেন। এ সময় নোমানী ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকেন।
আওয়ামী লীগের লোক ভেবে হামলার দাবি
আব্দুল কাইয়ুম বলেন, থানায় পৌঁছানোর পর তারা জানতে পারেন, রাস্তায় পাহারার দায়িত্বে থাকা সরকারদলীয় লোকজন তাদের গাড়ি থামানোর চেষ্টা করেছিলেন। গাড়ি না থামানোয় তারা ধারণা করেছিলেন, গাড়িতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন। এই ভুল ধারণা থেকেই হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এটি ভুল-বোঝাবুঝির ঘটনা। বিষয়টি সংসদ সদস্য আনোয়ারুল হককে জানানো হয়েছে। তিনি উভয়পক্ষের সঙ্গে কথা বলেছেন। এটি কোনো ডাকাতির ঘটনা নয়।
গাড়ি না থামানোয় সন্দেহের কথা জানালেন সংসদ সদস্য
নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন সম্প্রতি গুপ্ত হামলা, জ্বালাও-পোড়াও করছে। রাতে আওয়ামী লীগের লোকজন এলাকায় ঢুকে মিছিল বা অগ্নিসংযোগ করতে পারে, এমন খবরও তাদের কাছে ছিল। এ কারণে বিভিন্ন স্থানে তাদের লোকজন পাহারায় ছিলেন।
তিনি বলেন, গাড়িটি যাওয়ার সময় তাদের লোকজন থামার সংকেত দিয়েছিলেন। কিন্তু চালক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে লোকজনের ওপর দিয়ে চালিয়ে যাচ্ছিলেন। এতে তাদের লোকজনের ধারণা হয়, গাড়িতে আওয়ামী লীগের লোকজন থাকতে পারেন। এ কারণে তারা গাড়িটির পিছু নেন।
অন্যদিকে নোমানী ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন। গাড়ি থামালে এমন পরিস্থিতি তৈরি হতো না বলে মন্তব্য করেন সংসদ সদস্য।
আনোয়ারুল হক বলেন, এ ঘটনার জন্য তারা নোমানীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। এটি ভুল-বোঝাবুঝির ঘটনা। এরপরও তাদের কোনো নেতাকর্মী নোমানী বা তার সফরসঙ্গীদের সঙ্গে অশালীন আচরণ করে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:







