শুক্রবার

২৭ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

মাদরাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ, উদ্ধার তিন কিশোরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ২০:৪০

শেয়ার

মাদরাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ, উদ্ধার তিন কিশোরী
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার নগরডালা গ্রামের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিন কিশোরীই প্রেমের টানে বাড়ি ছেড়ে আসার কথা জানিয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান।

পৃথক তিনটি নিখোঁজ জিডি

উদ্ধার হওয়া কিশোরীরা হলো শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মনিজা খাতুন (১৫), সানজিদা (১৩) ও ফাতেমা (১৩)। তারা শাহজাদপুর থানাধীন একটি মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

শাহজাদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই তিন কিশোরী। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় অভিভাবকেরা থানায় অভিযোগ করেন। পরে তাদের নিখোঁজের ঘটনায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এরপর শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদুল হক তদন্ত শুরু করেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।

প্রেমিকদের সঙ্গে পালানোর পরিকল্পনা

পুলিশ জানায়, উপজেলার নগরডালা গ্রামে সানজিদার কথিত প্রেমিক রাব্বির নানা মো. রমজান আলীর বাড়িতে অভিযান চালিয়ে তিন কিশোরীকে উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সময়মতো উদ্ধার করতে না পারলে তারা দিনের যেকোনো সময় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তিন কিশোরী জানিয়েছে, ২৭ নভেম্বর প্রেমিকদের সঙ্গে নিয়ে অজানা গন্তব্যে চলে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে প্রেমিকদের সুনির্দিষ্ট ঠিকানা তারা জানে না বলেও জানিয়েছে।

পরে নিখোঁজসংক্রান্ত জিডির ভিত্তিতে তিন কিশোরীকে তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে।