চাঁদার টাকা না পেয়ে খুলনা নগরের হঠাৎ বাজার এলাকায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার লবণচরা থানাধীন এলাকায় একটি তুষকাঠের মিল ও একটি চানাচুর কারখানায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠের মিলে গত কয়েক দিন ধরে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান। তবে দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানায় মিলের মালিকপক্ষ। এর জেরে শুক্রবার ভোরে দুর্বৃত্তরা মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার সময় শ্রমিক-কর্মচারীরা ঘুমিয়ে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
একই এলাকার শামসুর রহমানের মালিকানাধীন একটি চানাচুর কারখানাতেও দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল ওই সন্ত্রাসী বাহিনী। চাঁদা না পেয়ে শুক্রবার ভোরে বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলি চালানোর পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কেউ মুখ খুলছেন না। ঘটনার তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে।
আরও পড়ুন:







