শুক্রবার

২৭ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁদাবাজি ও কমিশন বাণিজ্য নিয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১৭:৫৮

শেয়ার

চাঁদাবাজি ও কমিশন বাণিজ্য নিয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ, চাঁদা আদায় ও মাটি বিক্রির কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও বিএনপি নেতার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে শর্টগানের গুলিবর্ষণ ও টেঁটার আঘাতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বক্তাবলীর আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় সামাদ আলী ও হালিম আজাদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। পরে তাঁদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ

স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তাবলী ইউনিয়ন শাখার অর্থবিষয়ক সম্পাদক হাজী সামাদ আলী এবং বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলো ঘিরে মাটি ও শ্রমিক সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমের নিয়ন্ত্রণ নিয়ে এ বিরোধের সূত্রপাত। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।

পাঁচজন আটক, এলাকায় অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।