শুক্রবার

২৭ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

কুমিল্লায় তাহেরীর ওয়াজ মাহফিল বন্ধ করে দিল প্রশাসন

রোবেল আহমেদ তানভীর,কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১৬:০৫

আপডেট: ২৭ নভেম্বর, ২০২৬ ১৬:০৬

শেয়ার

কুমিল্লায় তাহেরীর ওয়াজ মাহফিল বন্ধ করে দিল প্রশাসন
ছবি: বাংলা এডিশন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন। শুক্রবার মাহফিল আয়োজনের কথা থাকলেও প্রশাসনের অনুমতি না থাকায় তা বন্ধ করে দেয়া হয়।

মাহফিলকে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। তাহেরীর আগমন ও মাহফিল আয়োজনের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা অলিরবাজারে তাহেরীকে মাহফিল করতে না দেয়ার দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানান।

অন্যদিকে, মাহফিল আয়োজনের পক্ষে অবস্থান নেন তাহেরীর অনুসারীরা। মাহফিল বন্ধের সিদ্ধান্তে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আয়োজকদের পক্ষ থেকে মাহফিল করার আগ্রহ প্রকাশ করা হলেও শেষ পর্যন্ত প্রশাসনের সিদ্ধান্তে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি না থাকায় মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীকে মাহফিল করতে দেয়া হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে, ধর্মীয় মাহফিল আয়োজনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মাহফিল বন্ধের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব্যাহত রয়েছে।