স্বাধীনতার ৫৬ বছর পরও গোপালগঞ্জে এমন একটি ইউনিয়ন আছে যেখানে প্রায় ১১ হাজার মানুষের বসবাস হলেও, নেই একজন মুসলমানেরও বসবাস। এতে করে অনেক সময়ই, সুবিধাবাদীরা সংখ্যালঘু কার্ড খেলে, অরাজকতা তৈরিতে ব্যবহার করে ওই এলাকা।
এমনকি, ওই এলাকায় নেই কোনো মসজিদ-মাদ্রাসা বা মুসলিম সংস্কৃতির ছিটেফোঁটাও। পুরো ইউনিয়ন জুড়ে শোনা যায় না আজানের ধ্বনিও। অবিশ্বাস্য মনে হলেও, এমনই এক ব্যতিক্রমী হিন্দু অধ্যুষিত জনপদ, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়ন।
হিন্দু অধ্যুষিত ব্যতিক্রমী জনপদ সিংগা
বাংলাদেশ একটি বহু ধর্ম ও সংস্কৃতির দেশ, তবে প্রধানত মুসলিম। দেশের বিভিন্ন অঞ্চলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে আসছে। তবে, এই প্রচলিত চিত্রের বাইরে রয়েছে জেলার সিংগা ইউনিয়ন। অন্যান্য ইউনিয়নের মত নিয়মিত বসছে হাট-বাজার, রয়েছে সরকারি প্রাথমিক ও সরকারি উচ্চ বিদ্যালয়, এছাড়াও স্বাস্থ্য ক্লিনিক। আছে সার্বজনীন মন্দির, নিয়মিত হচ্ছে পূজা-অর্চনা। শুধু নেই মুসলমান ধর্মালম্বীরা বা মুসলিম সংস্কৃতি।
এবিষয়ে, টিম বাংলা এডিশন সরজমিনে যাচাই করে ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে, এবং তারা জানায় পুরো এলাকাটি দীর্ঘদিন ধরেই হিন্দু অধ্যুষিত হিসেবে পরিচিত। এখানে শুধুই হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস। সিংগা ইউনিয়নে কোন মুসলমান বসতি নেই। হয়না কোনো গরু জবাইও।
চেয়ারম্যান নিশ্চিত করলেন মুসলিম পরিবার নেই
ঘটনার সত্যতা ও তথ্যের যথার্থতা যাচাই করতে টিম বাংলা এডিশন, যোগাযোগ করে সিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রথীন্দ্রনাথ বিশ্বাসের সঙ্গে। এ সময় তিনি ইউনিয়নে কোনো মুসলিম পরিবারের বসবাস না থাকার বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি এলাকায় কোনো মসজিদ না থাকার বিষয়টিও স্বীকার করেন তিনি।
মসজিদ নির্মাণে বাধা ও আজানে আপত্তি
তবে, সিংগায় সবচেয়ে আলোচিত বিষয় হলো মসজিদ নির্মাণের ঘটনা। সিংগা ইউনিয়নের পাশে সাতপার গ্রাম, বর্তমানে সেখানে একটি মুসলমান পরিবার বসবাস করে। ১৯৯৭ থেকে ১৯৯৯ সালের দিকে তারা একটি মসজিদ স্থাপন করতে চাইলে, হিন্দু সম্প্রদায়ের মানুষরা তাতে বাধা সৃষ্টি করে, এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে অবশেষে একটি মসজিদ স্থাপন করা হয়।
প্রথম দিকে মসজিদের মাইকে আযান দিতে বাধা দেয়ার অভিযোগও রয়েছে। এমনকি পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে একপর্যায়ে মসজিদের পাশে প্রশাসনের পক্ষ থেকে একটি অস্থায়ী ক্যাম্পও স্থাপন করা হয়েছিল বলে জানিয়েছেন মসজিদ প্রতিষ্ঠাতাকারীর সন্তান আলী হাসান দুলাল।
সাতপার বাজার জামে মসজিদের খাদেম আব্দুস সাত্তার বলেন, আগে অনেক বাধার সম্মুখীন হতে হতো, মাইকে আজান দিতে দিতো না। তবে, বর্তমানে আজান ও নামাজের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
সুবিধাবাদী গোষ্ঠীর ব্যবহারের আশঙ্কা
একটি ইউনিয়নে দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সংখ্যাগরিষ্ঠতা থাকা অস্বাভাবিক নয়। তবে, মুসলিমপ্রধান দেশে প্রায় ১১ হাজার জনসংখ্যার একটি এলাকায়, একজন মুসলমানেরও বসবাস না থাকা নিঃসন্দেহে ব্যতিক্রমী। যার সুযোগ সাম্প্রতিক সময়েও নিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জে চলমান সহিংসতায়, অনেক আওয়ামী লীগের নেতা ওই এলাকায় থেকে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এই অবস্থায়, সচেতন মহল বলছে, ধর্মের আড়ালে কোনো সুবিধাবাদী গোষ্ঠী যেনো আলাদাভাবে, হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবহার করতে না পারে, সেদিকে নজর দিতে হবে।
আরও পড়ুন:







