রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে (২৬) কুপিয়ে হত্যা করেছেন দুই ব্যক্তি। এ সময় হোটেলের জেনারেল ম্যানেজারসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ওয়ারীর ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত জেনারেল ম্যানেজার ও কর্মচারী
নিহত নাঈমুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ওয়ারীর ওই হোটেলেই থাকতেন।
আহত দুজন হলেন হোটেলটির জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) এবং কর্মচারী মো. হাসান (২৬)। হামলায় আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বর্তমানে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার কারণ অনুসন্ধান করছে পুলিশ
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন মিয়া জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে দুই ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশের ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে প্রবেশ করেন। এরপর তারা হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
নাঈমুরকে বাঁচাতে এগিয়ে এলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করা হয়। পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে হোটেলে ঢুকে এ হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।
নিহত নাঈমুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:







