শুক্রবার

২৭ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

বিছানার নিচে মিলল পাইপগান ও ১০ পিলেট, যুবক গ্রেপ্তার

নোয়াখালী,প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১১:৩৭

শেয়ার

বিছানার নিচে মিলল পাইপগান ও ১০ পিলেট, যুবক গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

নোয়াখালীর বেগমগঞ্জে বিছানার নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহীম ওরফে জীবন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লভপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এ অস্ত্র ও পিলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জীবন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ থানার এসআই মো. মাহমুদুল হক, এএসআই ইলিয়াছ উদ্দিন ও সোলায়মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জীবনের ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে শুক্রবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে।