গোপালগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) চাহিদায় প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেকের অ্যাকাউন্টে হাজার থেকে লাখ টাকা আটকে থাকায় তাঁরা টাকা উত্তোলন ও লেনদেন করতে পারছেন না।
গত বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে মেসেজের মাধ্যমে বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনেও এ কার্যক্রম অব্যাহত ছিল। গ্রাহকদের কাছে পাঠানো বার্তায় জানানো হয়, এমএফএস বিধিমালা অনুযায়ী তাঁদের বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এ মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলেও বার্তায় উল্লেখ করা হয়।
বিএফআইইউর চাহিদায় বন্ধ প্রায় ২ লাখ অ্যাকাউন্ট
বিকাশ ও নগদ কর্তৃপক্ষের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বিএফআইইউর চাহিদার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে বিকাশের ১ লাখ ২১ হাজার এবং নগদের ৭৮ হাজার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
হঠাৎ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকরা। চিকিৎসা ও জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে কিংবা তুলতে না পেরে অনেককে এজেন্ট পয়েন্ট থেকে ফিরে যেতে হয়েছে।
স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমির বিশ্বাস বলেন, মাসের শেষ সময়ে তাঁর হাতে টাকা নেই। বিকাশ অ্যাকাউন্টে সাড়ে ৫ হাজার টাকা থাকলেও অ্যাকাউন্ট বন্ধ থাকায় তা তুলতে পারছেন না। সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তাঁকে ধারদেনা করতে হয়েছে।
শহরের পাওয়ার হাউজ মোড়ের চা বিক্রেতা সাজ্জাদ শেখ বলেন, বোরো মৌসুম শুরু হয়েছে। ধানের বীজ কেনার জন্য বাবার কাছে ৭ হাজার টাকা পাঠাতে গিয়ে দেখেন, বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ। এ অবস্থা দীর্ঘায়িত হলে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তিনি।
তামান্না পারভীন নামে এক নারী জানান, তাঁর ছেলে রাজশাহীতে পড়াশোনা করে। বিকাশ সেবা বন্ধ থাকায় ছেলেকে টাকা পাঠাতে পারছেন না।
লেনদেনে নজরদারির কথা বলছে বিকাশ
এ বিষয়ে বিকাশের স্থানীয় এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব জানান, কোনো এজেন্টের অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি। তবে অনেক অ্যাকাউন্টে লেনদেনসংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। ঘনঘন বড় অঙ্কের লেনদেন হয়, এমন অ্যাকাউন্টগুলো নজরদারিতে রাখা হয়েছে। এ কারণে এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, সন্দেহজনক লেনদেনকারীদের অ্যাকাউন্ট বন্ধ করা হলে সমস্যা নেই। তবে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ করায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় মামলা, আসামি ৮ হাজার ২৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে প্রধান আসামি করা হয়েছে।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৮ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:







