চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও সরকারি অর্থ আত্মসাতের ২৬ দফা অভিযোগ তুলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ী প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতিমন্ত্রী বরাবর পাঠানো লিখিত আবেদনে সংসদ সদস্য এসব অভিযোগ তুলে ধরেন। আবেদনের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, খুলনা বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) এবং চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর চুয়াডাঙ্গায় যোগদানের উদ্দেশ্যে এলেও তাঁর যোগদানের তারিখ পরদিন ১৭ সেপ্টেম্বর দেখানো হয়েছে। এ ছাড়া দায়িত্ব পালনে অনিয়ম, সরকারি বিধিবিধান লঙ্ঘন এবং কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
আবেদনে আরও অভিযোগ করা হয়, ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দকৃত ভ্রমণভাতার ৬০ শতাংশ নিয়মবহির্ভূতভাবে নিজের নামে উত্তোলন করেছেন তিনি। সরকারি বিভিন্ন অনুষ্ঠানে অনুপস্থিত থাকা, দাপ্তরিক কাজে দায়িত্বে অবহেলা এবং অফিসের নির্ধারিত সময় অনুসরণ না করার অভিযোগও রয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, অফিসের এমএলএসএস পদে কর্মরত মো. রিয়াজ উদ্দিনকে ২০২৪-২৫ অর্থবছরে নিয়মিত ভাতা প্রদান না করে ওই অর্থ নিজের হিসাবে উত্তোলন করা হয়েছে। একই অর্থবছরে কম্পিউটার মেরামত ও আনুষঙ্গিক খাতে বরাদ্দ অর্থ ভুয়া বিল-ভাউচার তৈরির মাধ্যমে উত্তোলনের অভিযোগও তোলা হয়েছে। পাশাপাশি সরকারি গাড়ি মেরামত, জ্বালানি ও অন্যান্য দাপ্তরিক ব্যয়ের ক্ষেত্রেও অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে।
সংসদ সদস্যের লিখিত আবেদনে আরও অভিযোগ করা হয়, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের ফাইল অযৌক্তিকভাবে আটকে রেখে আর্থিক সুবিধা আদায়, শিক্ষক বদলি ও পদায়নে অনিয়ম এবং শিক্ষকদের কাছ থেকে অর্থ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন উপজেলার শিক্ষকদের ফাইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। বিশেষ করে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বদলি ও প্রশাসনিক কার্যক্রমে অনিয়মের বিষয়টি তুলে ধরা হয়েছে।
এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে অনিয়ম, শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, উপজেলা পর্যায়ের মাসিক সমন্বয় সভায় প্রভাব বিস্তার এবং সরকারি দায়িত্ব পালনে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর পুরস্কার নির্বাচন ও ক্রয়সংক্রান্ত বিষয়েও অনিয়মের অভিযোগ উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে ২০২৫ সালে আলমডাঙ্গা উপজেলা পর্যায়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় একজন প্রধান শিক্ষককে মারধরের উদ্যোগ নেয়ার মতো পরিস্থিতি তৈরির বিষয়টিও তুলে ধরা হয়েছে। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক মূল্যায়ন, শিক্ষার্থীদের জন্য পুরস্কার প্রস্তুত এবং সরকারি বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ করা হয়েছে।
আবেদনে সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ বলেন, উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে তিনি প্রতিমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপ কামনা করেন।
নিজের বিরুদ্ধে তদন্তের কথপোকথন গোপন অডিও ডিভাইসে ধারন করে তা দিয়ে হুমকি দেয়ার অভিযোগ চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডলের বিরুদ্ধে।
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়ম দুর্নীতি, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এমপি এ্যাডভোকেট মাসুদ পারভেজের মন্ত্রনালয়ে পেশ করা অভিযোগের বিষয়ে ২৫ নভেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তদন্তে আসেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ পরিচালক ডক্টর মো: শফিকুল ইসলাম।
তদন্ত চলাকালে ডিইও'র অফিসে বিশেষ ইলেকট্রিক ডিভাইস গোপনে বসিয়ে সব বক্তব্য ধারন করে তা অভিযুক্তদের কাছে পাঠিয়ে দেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল । পরে তদন্তকারী অধস্থন কর্মকর্তাদের হুমকি দেয়ার অভিযোগও উঠেছে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। অনিয়মের সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন।
আরও পড়ুন:







