বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

বাঁশখালীতে ঝটিকা মিছিলের নেতৃত্ব দেয়া ফারভেজসহ ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৮:০২

শেয়ার

বাঁশখালীতে ঝটিকা মিছিলের নেতৃত্ব দেয়া ফারভেজসহ ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার ও বাঁশখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারভেজ হোসেন (২০), চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক ও সরকারি আলাওল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউদ্দিন আকাশ (২২), ছাত্রলীগের সক্রিয় সদস্য মারুফুল ইসলাম (২১), শফিকুল ইসলাম শাওন (২২) এবং ১৬ বছর বয়সী এক কিশোর।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় কক্সবাজার সদর থানার কলাতলী এলাকার সি প্যালেস হোটেল থেকে ফারভেজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী থানার চেচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে জিয়াউদ্দিন আকাশ, মারুফুল ইসলাম ও এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। একই দিন দুপুর ১টার দিকে বৈলছড়ি পাহাড়ি এলাকা থেকে শফিকুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মশাল মিছিল, পতাকা মিছিল, যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে।

এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বাঁশখালীর প্রধান সড়কের মহাজনঘাটা এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে প্রধান নেতৃত্বে ছিলেন গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারভেজ হোসেন বলে জানা গেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।