গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বোর্ডের সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে মিছিল ও পথসভা করেছে শ্রমিক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় ব্যানার নিয়ে মহাসড়কের পাশে মিছিল করেন নেতাকর্মীরা। পরে সেখানে আয়োজিত পথসভায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।
পথসভায় শ্রমিক নেতারা বলেন, শ্রমিক মজুরি বোর্ডের ঘোষিত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তা মেনে নিতে হবে। কোনো ধরনের উসকানি কিংবা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেয়া যাবে না। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে তুলে ধরতে হবে।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, ন্যূনতম মজুরি ঘোষণা করায় শ্রমিক ও মালিকপক্ষের পাশাপাশি শ্রমিক মজুরি বোর্ডের সব সদস্য ধন্যবাদ ও অভিনন্দনের দাবিদার।
পথসভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন, কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক সামসুল আলম, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ হোসেন প্রমুখ
আরও পড়ুন:







