বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

জাহিদুল ইসলাম,খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১১:০৫

শেয়ার

জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি: বাংলা এডিশন

বিবাহবিচ্ছেদের চার বছর পরও বিরোধের জেরে প্রাণ গেল আব্দুল খালেকের, ময়নাতদন্তের জন্য পাঠানো হবে মরদেহ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে।

বুধবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার মিনাজপুর গ্রামের একটি মাঠে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ পাওয়া যায়।

নিহত আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে মিনাজপুর গ্রামের ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুনের সঙ্গে আব্দুল খালেকের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে চার বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তারা আলাদা বসবাস করছিলেন।

স্থানীয়দের দাবি, বিবাহবিচ্ছেদের পরও সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আব্দুল খালেকের বিরোধ চলছিল। বিভিন্ন সময় তাকে মামলা ও হামলার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি দেড় মাস আগেও পাপিয়া খাতুন ও তার দুই ভাই ওসমান এবং ইসমাইল তাকে মারধর করে আহত করেন বলে অভিযোগ করেন স্বজনেরা।

নিহতের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে মিনাজপুর গ্রামের ইলাপাড়ায় জমির বন্ধক বাবদ টাকা দিতে যান আব্দুল খালেক। সেখানে তার সাবেক স্ত্রী পাপিয়া খাতুন ও তার দুই ভাই ওসমান এবং ইসমাইল তার ওপর হামলা চালান।

এ সময় তাকে মারধরের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মাঠে ফেলে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে জিনারুল বলেন, “চার বছর আগে আমার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তারা আলাদা বসবাস করতেন। কিন্তু আমার মা ও মামারা বিভিন্ন সময় আমার বাবাকে হুমকি-ধমকি দিতেন। দেড় মাস আগেও তারা আমার বাবাকে বেধড়ক মারধর করে আহত করেন।”

তিনি আরও বলেন, “আজ শুনতে পাই, আমার বাবাকে মারধর করে মিনাজপুরের একটি মাঠে ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি, বাবার সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত। উন্নত চিকিৎসার জন্য যশোরে নেয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু তার আগেই বাবা মারা যান।”

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুর রহমান জানান, রাত ৮টার দিকে সারা শরীরে জখমের চিহ্ন নিয়ে আব্দুল খালেক নামে এক রোগী হাসপাতালে ভর্তি হন। তখন তিনি জীবিত ছিলেন।

তিনি বলেন, “আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।”

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে পৌঁছায়। এ সময় নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।