বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

মানিকগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় চীনা নাগরিক চেন ইয়াং গ্রেপ্তার

মোমিনুর রহমান, মানিকগঞ্জ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ২২:৫৮

শেয়ার

মানিকগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় চীনা নাগরিক চেন ইয়াং গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

মানিকগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় চেন ইয়াং (৪১) নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার চেন ইয়াং উত্তরার পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ২৩ নম্বর শাহারা র‌্যাপসোডিয়া ভবনের সপ্তম তলায় ভাড়া থাকতেন।

নির্যাতনের শিকার স্কুলছাত্রী মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন ১৮ নভেম্বর তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং চেন ইয়াংকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মানিকগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেন। ওই মামলায় চেন ইয়াংকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়।

মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুললুস খান পাঠান জানান, চেন ইয়াংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী স্কুলছাত্রীর প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে।



আরও পড়ুন: