সিরাজগঞ্জের এনায়েতপুরের দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড়ে আধুনিক ও উন্মুক্ত খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার দুপুরে কৃষ্ণচূড়া ক্লাবের আয়োজনে এ কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
খেলার মাঠ না থাকায় বঞ্চিত শিশুরা
মানববন্ধনে সভাপতিত্ব করেন কৃষ্ণচূড়া ক্লাবের প্রতিষ্ঠাতা রফিক মোল্লা। প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও পর্যটন ব্যক্তিত্ব ভূইয়া শাহীন সানী।
বক্তারা বলেন, অবহেলিত দ্বাদশপট্টি ও আশপাশের এলাকায় জনসংখ্যা বাড়লেও শিশু-কিশোরদের খেলাধুলা ও শারীরিক বিকাশের জন্য কোনো খেলার মাঠ নেই। ফলে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে অনেক কিশোর-যুবক মাদক, মোবাইল আসক্তিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
তাঁরা জানান, দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড় এলাকায় সরকারি পর্যাপ্ত জায়গা রয়েছে। সেখানে মাটি ভরাট করে একটি খেলার মাঠ নির্মাণ করা হলে স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশের সুযোগ তৈরি হবে।
এ সময় দ্রুত মাঠ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুস ছালাম, প্রবীণ শিক্ষক নুরুল ইসলাম মাস্টার, সমাজসেবক মিজানুর রহমান মজনু, একুশে টিভির সংবাদ উপস্থাপক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক সোহেল রানা, সাংবাদিক ও সমাজকর্মী উজ্জ্বল অধিকারী, ব্যবসায়ী আব্দুল চাঁন খান, আব্দুল মোন্নাফ, সোলাইমান হোসেন ও ইছা আহম্মেদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







