সরকার ও শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি উপেক্ষা করে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ঢাকার ধামরাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, বোর্ড নির্ধারিত ফির বাইরে বিভিন্ন খাতের নাম দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। কোনো কোনো কিন্ডারগার্টেন স্কুলে নেয়া হচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকা। এতে বাড়তি আর্থিক চাপের মুখে পড়েছেন সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, ভালুম আতাউর রহমান খান স্কুল, আলহাজ জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়, আব্দুস সুবহান মডেল হাই স্কুল, সূয়াপুর নান্নার স্কুল অ্যান্ড কলেজ, ধামরাই গার্লস হাই স্কুলসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ফরম পূরণে ৫ হাজার টাকা বা তার বেশি অর্থ নেয়া হচ্ছে। অন্যদিকে, কিন্ডারগার্টেন স্কুলগুলোতে এ অঙ্ক ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বলে অভিযোগ পাওয়া গেছে। সন্তানের শিক্ষাজীবন ও পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকটা বাধ্য হয়েই এসব অর্থ পরিশোধ করছেন অভিভাবকরা।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্র ফি ৫১৫ টাকা ও বোর্ড ফি ১ হাজার ৯২০ টাকা। সব মিলিয়ে নির্ধারিত ফি ২ হাজার ৪৩৫ টাকা। অন্যদিকে, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্র ফি ৪৮৫ টাকা এবং বোর্ড ফি ১ হাজার ৮৩০ টাকা। এ দুই বিভাগের মোট নির্ধারিত ফি ২ হাজার ৩১৫ টাকা।
তবে অভিযোগ রয়েছে, বোর্ড নির্ধারিত ফির বাইরে কোচিং ফি বাবদ ২ হাজার টাকা, উন্নয়ন ফি বাবদ ৬০০ টাকা এবং অনলাইন ও কম্পিউটার-সংক্রান্ত কাজের অজুহাতে ২০০ টাকাসহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। ফলে নির্ধারিত ফির তুলনায় কয়েক হাজার টাকা বেশি গুনতে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের।
নাম প্রকাশ না করার শর্তে ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার ফরম পূরণের ফি নির্ধারণ করে দিলেও স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন খাত দেখিয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে। টাকা না দিলে ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে না। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বাধ্য হয়ে ধারদেনা করে টাকা দিতে হচ্ছে। প্রতিবাদ করলে সন্তানের ফলাফল কিংবা ব্যবহারিক পরীক্ষার নম্বরে প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় কেউ মুখ খুলতেও সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলেখা বেগমের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠক করে এই টাকা নির্ধারণ করে দিয়েছেন। আমরা এর বাইরে কোনো অতিরিক্ত টাকা নিচ্ছি না। তবে কেউ কমানোর জন্য এলে কমিয়ে দেয়া হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের এমন দাবিতে অতিরিক্ত অর্থ আদায়ের দায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনার ওপর চাপানো হলেও বিষয়টি অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
অভিযোগের বিষয়ে ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, আমি যতদূর জানি, বোর্ড নির্ধারিত ফিই নেয়ার কথা। বিগত বছরগুলোতেও তারা ৫ হাজার টাকা করে নিয়েছিল। বিষয়টি জানতে চাইলে তারা জানিয়েছিল, অতিরিক্ত তিন মাস ক্লাস করানো হয়। এ সময় শিক্ষকরা ক্লাস করাতে চান না, তাই তাঁদের বেতনের জন্য কিছু অতিরিক্ত টাকা নেওয়া হয়। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি নিয়ে থাকে। আর সরকারি বিদ্যালয়ে তিন মাসের জন্য টাকা নেয়া হচ্ছে, বিষয়টি সবাই অবগত।
অন্যদিকে, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন জানান, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেয়ার কোনো সুযোগ নেই। অতিরিক্ত ক্লাস করতে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকেই কেবল নির্ধারিত ফির বাইরে অর্থ নেওয়া যেতে পারে। যারা অতিরিক্ত ক্লাস করবে না, তাদের কাছ থেকে কোনো অতিরিক্ত টাকা নেয়ার সুযোগ নেই।
একদিকে প্রধান শিক্ষকের দাবি, শিক্ষা কর্মকর্তার নির্দেশেই নির্ধারণ করা হয়েছে অতিরিক্ত ফি; অন্যদিকে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যে সেই নির্দেশনার স্পষ্ট সমর্থন নেই। ফলে অতিরিক্ত অর্থ আদায়ের দায় কার, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। নির্ধারিত ফি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের কাছ থেকে কেন কয়েক গুণ বেশি অর্থ নেয়া হচ্ছে, তারও সন্তোষজনক ব্যাখ্যা মিলছে না।
এ অবস্থায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বাড়তি অর্থ আদায় বন্ধ এবং ইতোমধ্যে আদায় করা অতিরিক্ত টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখে শিক্ষার্থীদের আর্থিক হয়রানি বন্ধে উপজেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
আরও পড়ুন:







