বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। এতে কার্যালয়ের সামনে থাকা ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে।
মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন যুবক কার্যালয়ের সামনে আগুন দিচ্ছেন। তাদের পরিচয় জানা যায়নি। আগুনে কার্যালয়ের সামনে রাখা দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে যায়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানার পুলিশ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো বিএনপির পক্ষ থেকে মামলা এখনও করা হয়নি। তবে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ চলছে।
আরও পড়ুন:







