বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

বান্দরবানে স্কেভেটরবাহী ট্রাকের ভারে ভেঙে পড়লো বেইলি সেতু

মেহেদী হাসান রানা, লামা (বান্দরবান)

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৬:৫৭

শেয়ার

বান্দরবানে স্কেভেটরবাহী ট্রাকের ভারে ভেঙে পড়লো বেইলি সেতু
ছবি: বাংলা এডিশন

বান্দরবানের লামা উপজেলায় ভারী স্কেভেটর বহনকারী একটি ট্রাকের ভারে বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আকস্মিক এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন দুই ইউনিয়নের বাসিন্দারা।

বুধবার দুপুরে গজালিয়া সড়কের ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গজালিয়া ইউনিয়নের ছয়মাইল এলাকার বেইলি সেতু পার হওয়ার সময় ভারী স্কেভেটর বহনকারী ট্রাকটি সেতুসহ নিচের খাদে পড়ে যায়। এতে সেতুটি ভেঙে পড়লেও দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

সেতুটি ভেঙে পড়ায় আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুই ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াত ও পণ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী টোয়েন চাকমা বলেন, ভেঙে পড়া সেতুটি দ্রুত মেরামতের উদ্যোগ নেয়া হবে। আপাতত যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু হয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে সড়কটি পুনরায় চালু করার চেষ্টা চলছে।