বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

বাবার লাশ বাড়িতে রেখেই সম্পত্তি নিয়ে সংঘর্ষ, দলিল নিয়ে গেল একপক্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৬:১২

শেয়ার

বাবার লাশ বাড়িতে রেখেই সম্পত্তি নিয়ে সংঘর্ষ, দলিল নিয়ে গেল একপক্ষ
ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের সদর উপজেলায় বাবার মৃত্যুর পর বাড়িতে লাশ রেখেই সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে চার সন্তানের মধ্যে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় একপক্ষ হামলা চালিয়ে জমির দলিল-দস্তাবেজ নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে তিন নারী আহত হয়েছেন। পাশাপাশি এক নারী নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে পরিবার।

ঘটনাটি উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বেপারীবাড়ির। নিহত মফিজ উল্লার বয়স ৮১ বছর। তিনি ওই বাড়ির জালাল আহমেদের ছেলে।

পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোক করে মারা যান মফিজ উল্লা। বুধবার বেলা ১১টার পর স্থানীয়দের সহযোগিতায় মনিরের বাড়িতে তাঁকে দাফন করা হয়।

দলিল নিতে গিয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মফিজ উল্লা ও তাঁর স্বজনদের হয়রানি করা হচ্ছিল। এ নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মনিরের বাড়িতে হামলা চালান তাঁর ভাই মিলন ও ফারুক এবং বোন রোজিনা ও নাসিমা। এ সময় তাঁরা বাড়িতে ভাঙচুর ও মারামারি করে জমির দলিল-দস্তাবেজ নিয়ে যান। এতে মনিরের স্ত্রী আখি বেগম, সৎমা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন।

পরিবারের দাবি, হামলার পর থেকে নাজমুন নাহারের খোঁজ পাওয়া যাচ্ছে না। বাড়ির সিসিটিভি ফুটেজে তাঁকে মারধরের দৃশ্য দেখা গেছে বলেও দাবি করেছেন তাঁরা।

সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ

জানা গেছে, মফিজ উল্লার পাঁচ ছেলে ও দুই মেয়ে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রবাসী ছেলে মনিরের বাড়িতে বসবাস করতেন। এর আগে জমি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে মামলাও হয়েছে। পারিবারিক বিরোধের কারণে তাঁকে মনিরের বাড়িতে থাকতে হতো।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটির মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃদ্ধের মৃত্যুর পর বাড়িতে তাঁর লাশ থাকা অবস্থায় এমন সংঘাতের ঘটনা দুঃখজনক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিরোধের আইনসম্মত সমাধানের দাবি জানিয়েছেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিলন ও ফারুক। তাঁদের দাবি, জমির দলিল হারানোর আশঙ্কায় তাঁরা দলিলপত্র উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাঁদের যাওয়ার আগে কে বা কারা ভাঙচুর কিংবা হামলা করেছে, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ ঘটনায় কোনো অভিযোগও পাননি তিনি।