ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হাসান। তিনি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার তারুলিয়া এলাকার ইব্রাহিম আকনের ছেলে। বর্তমানে তিনি কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের ভাগনা হিজলতলা এলাকায় বসবাস করতেন। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি দক্ষিণ) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই সিরাজ-উদ-দৌলাহসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ২০২৬ সালের ১০ জুন দায়ের করা ওই মামলার নম্বর ৩৬। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(১)(ক), ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:







