প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের মেধা, উদ্যম ও সৃজনশীলতার সমন্বয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে সংগঠনটির নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইমাম সমিতির নবনির্বাচিত সভাপতি মাওলানা কাজী আবু হোরাইরা।
ড. মাওলানা আব্দুল কাদির মাদানীর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত মহাসচিব মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
মুফতি মুহাম্মদ মুহিউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সভাপতি মাওলানা কাজী আবু হোরাইরাকে শপথবাক্য পাঠ করানো হয়। পরে তিনি সরাসরি উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত কেন্দ্রীয় কমিটির ১৬০ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান।
সভাপতির বক্তব্যে মাওলানা কাজী আবু হোরাইরা বলেন, ইমামগণ সমাজের ধর্মীয় নেতা। তাঁদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি সমাজের প্রতিটি ইতিবাচক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় নেতৃত্বের গণ্ডি পেরিয়ে সামাজিক উন্নয়ন, নৈতিকতা প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজেও ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বক্তারা দেশ ও জাতির কল্যাণে ইমাম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
কমিটির সহসভাপতি হিসেবে রয়েছেন মুফতি আখতারুজ্জামান, মুফতি আবুল হাসান, মাওলানা আনিসুজ্জামান সিকদার, মাওলানা হাবিব আহমদ শিশির, মাওলানা মাসুদ আহমদসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট আলেম ও সংগঠক।
যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি মুহাম্মদ মুহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ এহসান উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম এবং অধ্যাপক মাওলানা আখতার ফারুক। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি মুহাম্মদ সানাউল্লাহ এবং সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মাওলানা শাহ শামসুদ্দীন।
এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আ. ন. ম. মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি জাকারিয়া হারুন, তালিম তারবিয়াত সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আজহারী, শিক্ষা-সাহিত্য গবেষণা ও সংস্কৃতি সম্পাদক হাফিজ মাওলানা বায়েজিদ হোসাইন, আন্তর্জাতিক সম্পাদক ড. অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মাদানী, পরিবেশ উন্নয়নবিষয়ক সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন, মসজিদ পাঠাগার সম্পাদক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন, আইটি বিষয়ক সম্পাদক মাওলানা মামুনুর রশীদ এবং দাওয়াত সম্পাদক মাওলানা নূরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন বিভাগে সম্পাদক, সহসম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বক্তারা সংগঠনে প্রবীণ নেতৃত্বের অভিজ্ঞতা ও পরামর্শের পাশাপাশি নতুন প্রজন্মের তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তাঁদের মতে, প্রবীণদের দিকনির্দেশনা এবং তরুণদের উদ্যম, মেধা ও সৃজনশীল উদ্যোগের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি আরও সুসংগঠিত, গতিশীল ও সময়োপযোগী সংগঠনে পরিণত হবে। নতুন প্রজন্মের এই অংশগ্রহণ সংগঠনের ভবিষ্যৎ অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নতুন ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
আরও পড়ুন:







